বিদেশীরা উপদেশ দিলেও নিজেদেরই সমস্যা সমাধান করতে হবে: ইফতেখার
বিদেশী রাষ্ট্রদূতেরা সাহায্য ও উপদেশ দিলেও নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “ইচ্ছাশক্তি এবং নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার মধ্যেই জাতির সার্বভৌমত্বের পরীক্ষা।
তিনি বলেন, “বিদেশী রাষ্ট্রদূতরা এ পর্যন্ত নেয়া তত্ত্ববধায়ক সরকারের পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন।”
নির্বাচনের সময়সীমা সম্পর্কে কূটনীতিকরা জানতে চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা যত শিগগির সম্ভব নির্বাচন করতে চাই। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যাতে সবার জন্য সৃষ্টি হয় সমান সুযোগ।”
নির্বাচন কমিশন পুর্নগঠনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইফতেখার বলেন, “নির্বাচনের দিকেই আমাদের মূল মনোযোগ। সেটাকে লক্ষ্য ধরেই আমরা এগুচ্ছি। কিন্তুু নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিও অত্যন্ত জরুরি। এ কথাটি কূটনীতিকরাও বলছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে। যার প্রতি থাকবে জনসমর্থন।”
বাংলাদেশ জাতিসংঘের দূর্নীতি দমন সনদে সই করবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এতে সাক্ষর করতে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে সনদের নানা দিক পরীক্ষা--নিরিক্ষা করে দেখা হচ্ছে।”
রাজনৈতিক সরকার না থাকায় কূটনীতিকদের তৎপরতা বেড়ে গেছে কি না--জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এটি হচ্ছে কূটনীতিকদের চিরাচরিত দ্বিধা-দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। কখনো তারা হস্তক্ষেপ করছে, কখনো বন্ধুসুলভ পরামর্শ দিচ্ছে আবার কখনো জাতীয় স্বার্থ রক্ষা করার কথা বলছে। ”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
