২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে র‌্যাবের ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার

শ্রীমঙ্গলে র‌্যাব সদস্যের ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। তবে তালিকাভুক্ত সন্ত্রাসী কামাল আহমেদ ওরফে ড্রাইভার কামালকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 10:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গলের গান্ধিছড়া চা বাগান থেকে  ছিনিয়ে নেওয়া নাইন এমএম পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে যৌথ বাহিনী এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ৩২ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর বুধবার ড্রাইভার কামালের মা ও স্ত্রীসহ ২৬ জনকে ছেড়ে দিয়েছে। গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই মৌলভীবাজার আদালতে চালান করে দেওয়া হয় বাকিদের।

গ্রেপ্তারকৃতরা হলেন, ড্রাইভার কামালের সহযোগী ফুল মিয়া, কাদের, খালেদ, নাসির ও নাদিম।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ জানান, ডিবি পুলিশের সহযোগিতায় সোর্সের মাধ্যমে তিনি র‌্যাবের ছিনতাই করা পিস্তলটি উদ্ধার করেন। এ ছাড়া আত্মগোপনে থাকা ড্রাইভার কামালকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সোমবার রাত সোয়া ৮ টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর তিন সদস্যের একটি দল কামালকে আটক করতে উপজেলার লছনা--আমরাইলছড়া চা বাগান সড়কে যান। এসময় কামাল ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই মান্নানের কাছ থেকে তার নাইন এমএম পিস্তলটি ছিনিয়ে পালিয়ে যায়।