২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরা উটের জকিরা ক্ষতিপূরণ পায়নি আজও

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) উটের জকি হিসেবে ব্যবহৃত ১৬৮ টি শিশুকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলেও তাদের ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্র“ত জনপ্রতি এক হাজার ডলার করে অর্থ এখনও পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

জানা গেছে, ওই দেশে বর্তমানে প্রক্রিয়াগত জটিলতার কারণে আটকে থাকা আরও ৩২টি শিশুকে ফিরিয়ে না আনা পর্যন্ত সংশ্লিষ্টরা এ অর্থ দিতে নারাজ। ফলে ক্ষতিগ্রস্ত ওইসব শিশুর পরিবার উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নিতে পারছে না।

নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বুধবার এ তথ্য উপস্থাপন করে ক্ষতিপূরণের অর্থ আদায়ে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আব্দুল করিম। এতে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিডিআর, র‌্যাব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শুধুমাত্র ২০০৬ সালেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে উটের জকি হিসেবে ব্যবহৃত ১৬৮ জন শিশুকে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউএই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ও ঢাকা আহ্ছানিয়া মিশন ওইসব শিশুদের দেশে ফিরিয়ে আনে।

সভায় জানানো হয়, মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে আসা শিশুদের মধ্যে ১৪৯ জন এবং আহছানিয়া মিশনের মাধ্যমে আসা ১৮ টি শিশুকেই তাদের বৈধ দাবিদারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মহিলা আইনজীবী বৈধ দাবিদার না পাওয়ায় এখনও একটি শিশুকে কারও কাছে হস্তান্তর করতে পারেনি।

সভা সূত্রে জানা যায়, ইউএই কর্তৃপক্ষ জকি হিসেবে ব্যবহৃত ওই শিশুদের জন্য জনপ্রতি এক হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে সম্মত হন। কিন্তু আটকে থাকা আরও ৩২টি শিশুকে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় তারা এ ক্ষতিপূরণের অর্থ ছাড় করছে না। তারা জানিয়েছে, সব শিশুদের ক্ষতিপূরণের অর্থ একযোগে পরিশোধ করতে তারা আগ্রহী।

সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া সাংবাদিকদের জানান, সভায় দেশের নারী ও শিশুদের পাচার রোধে বিভিন্ন সীমান্ত এলাকা এবং স্থল ও নৌ--পথে টহল জোরদার করতে সংশ্লিষ্ট আইন--শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।