নারায়ণগঞ্জে বিএনপি নেতা শকু গ্রেপ্তার
জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক, পৌরসভার ওয়ার্ড কমিশনার ও অভিযুক্ত সন্ত্রাসী শওকত হাশেম শকুকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে শহরের ডনচেম্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শকুর গ্রেপ্তারের খবর নিশ্চিত করে সদর থানার একজন এসআই জানান তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এরমধ্যে চারটি মামলা বিচারাধীন।
সেনা সূত্র জানায়, সেনা গোয়েন্দারা শকুকে আটক করার পর টহলরত সেনা দল এসে ফতুল্লা স্টেডিয়ামে সেনা ক্যাম্পে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার শকুর বিরুদ্ধে বিগত বিএনপি--জামায়াত জোট সরকার আমলে টেন্ডার নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি জবরদখলের অভিযোগ রয়েছে। পুলিশের করা জেলার শীর্ষ সন্ত্রাসী তালিকায়ও তার নাম আছে বলে জানা গেছে।
তিনি বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি ক্যাপ্টেন (অবঃ) কিসমত হাশেমের ছোট ভাই।
