২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধু হত্যার দায়ে একজনের মৃতুদন্ড

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল বুধবার এক গৃহবধু হত্যার দায়ে নিহতের দেবরকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামীর নাম একরামুল হক বাচ্চু। তার বাড়ি হাটহাজারী উপজেলার দেওয়াননগরে। সে বর্তমানে চট্টগ্রাম কারাগারে আটক আছে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ এইচ এম মোসতাক আহমেদ বুধবার এ রায় দেন। ট্রাইবুনাল অভিযোগ প্রমানিত না হওয়ায় নিহতের প্রবাসী স্বামীসহ এ মামলার বাকি ছয় আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

হাটহাজারীর দেওয়াননগরে নাজমুন নাহার মুন্নী নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত গৃহবধুর ভাই মিজানুর রহমান পরে সাতজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, যৌতুক না পেয়ে মুন্নীর উপর তার দেবর ও শ্বশুর বাড়ীর লোকজন নানা ভাবে অত্যাচার করত। ১৯৯৯ সালের ১৬ এপ্রিল মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বাচ্চু ও তার বন্ধুরা মুন্নীকে অশালীন প্রস্তাব দেয়। মুন্নী রাজী না হলে তারা তাকে বাথরুমে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।          

বিয়ের পর পরই মুন্নীর স্বামী চাকুরী করতে বিদেশে চলে যায়। 

ট্রাইবুনাল ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আহম্মদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ ও সাধনময় ভট্টাচার্য্য এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন কাজী সাইফুদ্দীন ও এহসানুল হক হেনা।