সার নিতে এসে কুড়িগ্রামে কৃষক-পুলিশ সংঘর্ষ , আহত ১০
কুড়িগ্রাম জেলার রৌমারীতে সার নিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন কৃষক আহত হয়েছে।
প্রচন্ড ভিড় ও হুড়োহুড়িতে সংজ্ঞাহীন হয়ে মারাত্মক অসুস্থ হন এক বৃদ্ধ কৃষক। তার নাম ইসাহক আলী (৬৫)।
মঙ্গলবার দুপুরে যাদুরচর ইউনিয়নের কার্তিমারী বাজারে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্তিমারী বাজারের সার ডিলার রতন এন্টারপ্রাইজ ও আকন্দ এ্যান্ড সন্স ৭২ মে. টন (এক হাজার ৪শ’ বস্তা) ইউরিয়া সার মঙ্গলবার দুপুরে বিক্রি শুরু করলে প্রায় ৩ হাজার কৃষক জড়ো হয়।
এ সময় সার বিক্রি তদারকির দায়িত্বে নিয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন ও আক্তার হোসেন কৃষক প্রতি এক বস্তা সার দেওয়ার ঘোষণা দিলে কৃষকরা বিক্ষুদ্ধ হয়ে তাদের অবরুদ্ধ করে ফেলেন।
খবর পেয়ে এক ঘন্টা পর রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে কৃষি কর্মকর্তাদের উদ্ধার করেন।
এর পর আবার সার বিক্রি শুরু করা হলে কে কার আগে সার নিবে এ নিয়ে কৃষকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ লাঠিচার্জ করে।
এতে যাদুরচর ডিগ্রী কলেজের পিয়ন নজরুল ইসলাম (২২), কারাবাড়ী গ্রামের সোহরাব (৩৫), কোমড়ভাঙ্গী গ্রামের অফিয়াল (২৪), শিবেরডাঙ্গী গ্রামের আমজাদ হোসেন (৩২) সহ কমপক্ষে ১০ জন কৃষক আহত হয়।
এছাড়াও সংজ্ঞাহীন হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে দিগলাপাড়া গ্রামের ইসাহক আলী (৬৫)। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
যাদুর চর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী জানান, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে বলেন সারের চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ কবীর ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবী করেন।
