২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার

বন্দরনগরীর একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার সকালে বেসরকারি একটি নিরাপত্তা সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের (৩৫) লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মোস্তাফিজুর রহমান ঢাকার সেন্ট্রি সিকিউরিটি ফোর্স নামে একটি কোম্পানির অপারেশনাল এক্সিকিউটিভ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান আরও দুই সহকর্মীসহ ঢাকা থেকে এসে সোমবার দুপুরে নগরীর স্টেশন রোডের মার্টিন হোটেলে উঠেন। তিনি একটি একক রুম এবং তার অপর দুই সহকর্মী একটি দুই শয্যাবিশিষ্ট কক্ষ ভাড়া নেন। সকাল ১১টায় অনেক ডাকাডাকির পরও মোস্তাফিজুর রহমান ঘুম থেকে না উঠলে হোটেলের লোকজন পুলিশে খবর দেয়।

পরে কোতোয়ালী থানা পুলিশ দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা রাশেদা পারভিন জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। হোটেলে তার রুমে কোনো অস্বাভাবিক কিছুও খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, পুলিশ এই মৃত্যুর পেছনে অন্য কারণ আছে কিনা তা তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সন্ধ্যা সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।