ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার টিএসআই হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ কাজীপাড়ার মমিন মিয়ার ছেলে আতিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ তার বাড়িতে লুকিয়ে রাখা একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে আতিককে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহিউদ্দিন জানান, আতিকের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগে আটটি মামলা রয়েছে।
