২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও ফরিদপুরে উচ্ছেদ অভিযান অব্যাহত

দেশব্যাপী যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান সোমবারও অব্যাহত ছিল। এ দিন অন্যান্য স্থানের মতো বরিশাল এবং ফরিদপুরও উচ্ছেদ অভিযান চলে। মঙ্গলবার হবে ঠাকুরগাঁও শহরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বরিশাল প্রতিনিধি জানান, নগরীতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অংশ নেয়। তদারকি করেন বিআইডব্লিওটিএ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

দুটি দলে ভাগ হয়ে এ অভিযান পরিচালিত হয়। একটি দল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কাউয়ারচর খেয়াঘাট এবং লঞ্চঘাট টেম্পুস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ করে। কাউয়ারচর খেয়াঘাটে অবৈধভাবে গড়ে ওঠা ৩০/৩৫ টি দোকান এ সময় ভেঙ্গে দেওয়া হয়।

অপর দলটি দুপুরের দিকে নগরীর আমানতগঞ্জ বস্তি উচ্ছেদ শুরু করে তা বিকেল পর্যন্ত অব্যাহত রাখে। এখানে অবৈধভাবে বসবাসকারী দুই শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়।

ফরিদপুর প্রতিনিধি জানান, সদরপুর উপজেলা সদরে  সেনা সদস্যরা সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  চালিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।

এ ছাড়া ভাঙ্গা এলাকায় উচ্ছেদ নোটিস পেয়ে প্রায় তিনশ দোকান মালিক নিজেরাই তাদের স্থাপনা গুটিয়ে নিয়েছে।

এদিকে ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, শহরের রাস্তার দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে মঙ্গলবার। শহরে মাইকিং করে এ ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।