২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পণ্য মজুদের বিরুদ্ধে তৎপর সেনাবাহিনী

দেশের বৃহত্তম পাইকারী বাজার বন্দরনগরীর খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় পণ্য সামগ্রী মজুদ করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। সেনা ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, সেনা সদস্যরা সোমবার কয়েক দফা এ বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ১০০ বস্তার বেশি পণ্য সামগ্রী মজুদ করা যাবে না বলে ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে এসেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সেনা সদস্যরা এ সময় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাজার পরিস্থিতি ও মালামাল গুদামজাত করা নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে সেনা সদস্যদের সঙ্গে পরবর্তী সময়ে ব্যবসায়ী নেতাদের বিস্তারিত আলোচনা হবে বলে ব্যবসায়ীরা জানান।

জরুরি অবস্থা জারির পর সোমবারই প্রথম সেনা সদস্যদের কোনো দল খাতুনগঞ্জ ও চাক্তাই বাজারে যায়। এসময় কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধারের খবর মেলেনি। তবে কয়েকজন ব্যবসায়ীকে সেনা সদস্যরা শাসিয়ে এসেছে বলে জানা যায়।

সূত্র জানায়, কোনো ব্যবসায়ী যদি এ নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সেনা সদস্যরা কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

এ নিয়ে কোনো ব্যবসায়ী নেতা ও সংগঠন তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেননি। তবে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করবেন বলে নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন।  

সেনাবাহিনীর এ নির্দেশ নিয়ে দিনভর খাতুনগঞ্জের পাইকারী ব্যবসায়ীদের মধ্যে সরব আলোচনা হয়েছে। প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করতে রাজী না হলেও নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যবসায়ী জানান, “এর ফলে হিতে বিপরীত হবে। আমদানী, পাইকারী ও খুচরা বাজারের ব্যবসায় ধস নামতে পারে।”

তারা বলেন, এ নির্দেশের ফলে ঝামেলা এড়াতে অনেক ব্যবসায়ী আমদানীর পরিমাণ কমিয়ে ফেলতে পারেন এবং দোকানেও মালামাল কম রাখবে তারা। আর এর প্রভাব সরাসরি গিয়ে পড়বে খুচরা বাজারে।

একজন চাল ব্যবসায়ী জানান, প্রতিদিন এ বাজারের একটি দোকান থেকে কমপক্ষে ১০০ টন মালামাল বিক্রি হয়। একটি ট্রাকেই ৩৫০ বস্তা চাল রাখা যায়। সেখানে ১০০ বস্তা খুবই নগণ্য।

তিনি বলেন, বাজারে ৩০ রকমের চাল আছে। কোনো দোকানদার যদি প্রতিটি চালের ১০ বস্তা করেও রাখেন তাহলে তার পরিমাণ দাঁড়ায় ৩০০ বস্তা।

অনেকের ধারণা, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ব্যবসা রোধে সেনাবাহিনী এ পদক্ষেপ নিয়েছে। তবে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, এ পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণ হবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে প্রকৃত সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের ধরতে হবে। তাদের মতে, সাধারণ দোকানদাররা বাজার নিয়ন্ত্রণ করে না।