২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এবার রেলওয়ের উচ্ছেদ অভিযান

নগরীতে অবৈধ দখল থেকে সরকারি জায়গা উদ্ধারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি কর্পোরেশনের পর এবার উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সিডিএ ও বাংলাদেশ রেলওয়ে সোমবার পৃথক দুটি অভিযানে নগরীতে প্রায় তিনশত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে।

ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে সিডিএ এর একটি দল সোমবার সকাল থেকে অভিযান চালায় নগরীর দুই নম্বর গেট থেকে প্রবর্তক মোড় পর্যন্ত। সিডিএ কর্মকর্তা ফজুলল করিমের উপস্থিতিতে এসময় সড়কের উভয় পাশে রেস্টুরেন্ট, মুদি দোকান, সেলুনসহ প্রায় দুইশ দোকান ও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের চারদিকের দেয়াল ভেঙ্গে ফেলা হয়।

দীর্ঘদিন ধরে এ সড়কের উভয় পাশের ফুটপাত ও জায়গা দখল করে এসব দোকান স্থাপন এবং দেয়াল নির্মাণ করা হয়েছিল।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার ও ম্যাজিস্ট্রেট মুহিবুল হক রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালান। পোস্তার পাড় আসমা খাতুন স্কুল থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত সড়কের উভয় পাশে, দেওয়ান হাট ব্রিজের নিচে, সিআরবি মোড় ও অফিসার্স ক্লাব এলাকায় এ অভিযানকালে শ’খানেক অবৈধ বস্তিঘর এবং ২০টির ওপরে দোকান উচ্ছেদ করা হয়।

এদিকে বন্দর ম্যাজিস্টেট মুনীর চৌধুরী নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার নগরীর পতেঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিপুল পরিমাণ পানি চুরির দায়ে একজনকে আটক ও ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপর এক অভিযানে একই আদালত বিটুমিন, জিপসাম ও ভোজ্য তেলবাহী চারটি ট্রাকের মালিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।