খুলনায় যৌথবাহিনীর হাতে চেম্বার পরিচালকসহ আটক ১৭
খুলনায় যৌথবাহিনীর সদস্যরা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এম এ মতিন পান্নাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
সন্ত্রাস, মজুদদারি ও ভেজালবিরোধী অভিযানের সময় রোববার রাত ও সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ফুলতলা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, চার দলীয় জোট কার্যালয় ও প্রেসক্লাব উচ্ছেদ করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, সোমবার সকাল ১০ টা থেকে নগরীর বড় বাজারে যৌথবাহিনী মজুদদারদের বিরুদ্ধে অভিযান শুরু করে। স্টেশন রোড এলাকার তেল মিলগুলোতেও অভিযান চলে। এ সময় ভোজ্য তেলে ভেজাল দেওয়ার অভিযোগে খুলনা চেম্বার পরিচালক এম এ মতিন পান্নাকে এবং মজুদদারির অভিযোগে মাসুদ বিশ্বাস, ফারুক মোল্লা, অচিন্ত্য কুমার দাশ, অমরেন্দ্র নাথ, পংকজ বিশ্বাস, সন্তোষ মণ্ডল, রবিউল শিকদার ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর আড়তে তালা লাগিয়ে দেয় যৌথবাহিনী।
অন্যদিকে ফুলতলা উপজেলার খুলনা--যশোর মহাসড়কের পাশে বেলা ১১টার দিকে অবৈধভাবে নির্মিত বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, চারদলীয় জোট কার্যালয় ও প্রেসক্লাবসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এদিকে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত অভিযোগে শফিকুল ইসলাম, ইসলাম শেখ, মোজাফফর হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করেছে। এদেরকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর খুলনা ক্যাম্পের মুখপাত্র মেজর একরাম নফহবংি২৪.পড়স এর কাছে এসব অভিযান এবং আটকের বিষয়টি স্বীকার করে বলেছেন, অভিযান অব্যাহত থাকবে। নিরপেক্ষভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
