সাতক্ষীরায় সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান আটক
সাতক্ষীরায় সেনা অভিযানে রুহুল কুদ্দুস নামে আরও এক ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। রোববার রাতে আশাশুনি উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
তিনি আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নওশের আলী জানান, কলারোয়া থানা যুবদলের সভাপতি চেয়ারম্যান আশরাফ হোসেনকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় সদর থানায় হস্তান্তর করেছে। পরে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
এ নিয়ে সাতক্ষীরা জেলায় সেনা অভিযানে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের সংখ্যা হলো চার। এরা হলেন দেবহাটার নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কলারোয়া কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আশরাফ, দেবহাটার কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক এবং সর্বশেষ আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
জেলায় এ পর্যন্ত সেনা অভিযানে মোট ২৫ জন আটক হয়েছে।
