ভোটার পরিচয়পত্র নিয়ে এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত: তপন চৌধুরী
এক সপ্তাহের মধ্যেই ভোটার পরিচয়পত্র সম্পর্কে সিদ্ধান্ত নেবে তত্ত্বাবধায়ক সরকার। আর জাতীয় পরিচয়পত্র হচ্ছে না বলেও সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন উপদেষ্টা তপন চৌধুরী। বুধবার সকালে এ সংক্রান্ত একটি বৈঠকের পর জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন তপন।
তপন চৌধুরী বলেন, “জাতীয় পরিচয়পত্র হচ্ছে না, আগামী এক সপ্তাহের মধ্যেই জানতে পারবো ভোটার পরিচয়পত্রের ব্যাপারে কি করবো।”
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন উপদেষ্টাদের কাছে উপস্থাপন করবে। ভোটার পরিচয়পত্র সম্ভব কিনা, সম্ভব হলে কত সময় লাগবে এবং কত টাকা লাগবে এ তথ্যসহ প্রতিবেদনটি উপদেষ্টামণ্ডলীর সভায় উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তপন বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ চলছে।”
নির্বাচন সম্পর্কিত অন্য দাবিগুলো নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “দ্রুততম সময়ের ভিতরে যে কাজগুলো করা সম্ভব সেগুলো আমরা দেখছি।”
তিনি বলেন, আগামী মার্চ মাসের আগে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হচ্ছে না। মার্চ মাসে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সরবারহ শুরু হলে গ্যাস সংকট কমবে, এতে বিদ্যুৎ সংকটও কমবে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী শুষ্ক মৌসুমে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৩ হাজার ৯০০ মেগাওয়াট এবং উৎপাদন করা সম্ভব হবে ৩৬০০ থেকে ৩৭০০ মেগাওয়াট। সেক্ষেত্রে ২শ থেকে ৩শ মেগাওয়াট ঘাটতি থেকে যাবে।
বছরের শেষ মৌসুমে কৃষিকাজে ব্যবহৃত সেচের জন্য বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “সেচের জন্য প্রয়োজন ৭শ মেগাওয়াট। এই ৭ শ মেগাওয়াট নিশ্চিত করতে কমপক্ষে আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করা হবে।”
তপন বলেন, “বিদ্যুতের চাহিদা যে পরিমাণ দেখানো হয় তার ভিতরে অপব্যবহারেরও হিসাব রয়েছে। এটা প্রকৃত চাহিদা নয়। অপব্যবহার বন্ধ করতে পারলে প্রকৃত চাহিদা কমবে এবং উৎপাদিত বিদ্যুত দিয়ে ঘাটতি অনেকটাই কমানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এই অপব্যবহারের জন্য অব্যবস্থাপনা অবশ্যই রয়েছে। এজন্য পিডিবিও কিছুটা দায়ী। ব্যবহারকারীদেরও দায় আছে। সবাই সচেতন হলে এ অব্যবস্থাপনা দূর হবে।”
বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে উপদেষ্টা বলেন, “এ মুহূর্তে যে ক্ষমতা আছে তার পুরোটা যেন উৎপাদনে ব্যবহার করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।”
