২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক ও নির্বাচনী সংস্কার শেষ করেই নির্বাচন করতে চায় সরকার

নির্বাচনী ও প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পরই শুধু দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী তত্ত্বাবধায়ক সরকার। সোমবার কৃষি, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা আলাদা করে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনগণের বেশকিছু দাবি আছে। এসব দাবি পূরণের জন্য সময়ের প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কৃষি উপদেষ্টা সি এস করিম সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, প্রত্যাশা অনুয়ায়ী নির্বাচন করতে হলে জনগণকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য হচ্ছে সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করা। এজন্য ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র এবং স্বচ্ছ ব্যালট বাক্সসহ জনগণের বেশ কিছু দাবি রয়েছে। তাদের এই দাবি পূরণ করার জন্য সময়ের প্রয়োজন।”

অবশ্য যথাযথ ভোট করতে কতদিন লাগবে সে সম্পর্কে কিছু বলতে পারেননি উপদেষ্টা সি এস করিম। তিনি বলেন, “ভোটার পরিচয়পত্র তৈরির জন্য সবার সহযোগিতা দরকার। এই সহযোগিতার জন্য সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”

রোববার রাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের ভাষণে দুর্নীতি সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে সি এস করিম বলেন, “এখনও দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢোকেনি। দুর্নীতি দমনে ‘গডফাদার’ এবং ‘গ্রান্ড গডফাদারদের চিহ্নিত করতে পারলেই ব্যবস্থা নেওয়া যাবে।”

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সোমবার ঢাকায় কর্মরত বিদেশি মিশন ও দাতা সংস্থার প্রধানদের কাছে দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করার সময় বলেন, “তত্ত্বাবধায়ক সরকার স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্ভূল ভোটার তালিকাও তৈরি করা হবে। এছাড়া প্রশাসনকে দলীয় প্রভাবমুক্তকরণের পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।”

ভোটার পরিচয়পত্রসহ স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা ও বড় ধরনের হুমকি। তত্ত্বাবধায়ক সরকার যে কোনো মূল্যে এই হুমকি প্রতিরোধ করবে।

ব্রিফিং শেষে আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষের মতো আমিও মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত।”

কত কম সময়ের মাঝে নির্বাচন হতে পারে প্রশ্ন করলে বিউটেনিস বলেন, “এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে।”

এ ব্যাপারে জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে বলেন, “নির্বাচন কবে হওয়া উচিত সেটি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন ভালো বলতে পারবে।”

একই দিন তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান নিজ দপ্তরে সাংবাদিকদের  বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের যা যা প্রয়োজন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন ঢেলে সাজানোর অংশ হিসেবে রোববার সচিব পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়েও প্রশাসন ঢেলে সাজানো হবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে সার্বিক দিক নির্দেশনা দেওয়া আছে, সে মোতাবেক কার্যক্রম পারিচালিত হবে।”

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে স্বল্পতম সময়ের মধ্যেই সিইসি নিয়োগ দেওয়া হবে।”