২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধে করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা ও বড় ধরনের হুমকি। তত্ত্বাবধায়ক সরকার যে কোনো মূল্যে এই হুমকি প্রতিরোধ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ঢাকায় কর্মরত বিদেশি মিশন ও দাতা সংস্থার প্রধানদের কাছে দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করতে  সোমবার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্ভুল ভোটার তালিকাও তৈরি করা হবে। এছাড়া প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।”

ভোটার পরিচয়পত্রসহ স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে বলেও তিনি জানান।

এসব কাজ সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে দাতাগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের ওপর যে দায়িত্ব রয়েছে তা সুষ্ঠুভাবে পালন করবো। এ ব্যাপারে বিদেশি বন্ধুদের কাছে আমরা সহযোগিতা চেয়েছি।”

যুক্তরাষ্ট্রের দূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস বলেন, “বাংলাদেশের অধিকাংশ মানুষের মতো আমিও মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত।”

কত কম সময়ের মাঝে নির্বাচন হতে পারে প্রশ্ন করলে বিউটেনিস বলেন, “এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে।”

এ ব্যাপারে জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে বলেন, “নির্বাচন কবে হওয়া উচিত সেটি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন ভালো বলতে পারবে।”

মধ্যাহ্নভোজে প্যাট্রেসিয়া এ বিউটেনিস ও ফ্রাঙ্ক মেইকে ছাড়াও যুক্তরাজ্যের দূত আনোয়ার চৌধুরী, ভারতের পিনাক রঞ্জন চক্রবর্তী, পাকিস্তানের আলমগীর বাশার খান বাবর, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েন, চীনের চাই শি, জাপানের মাসাইয়োকো ইনো উয়ো উই, ইতালির পিয়েত্রি ব্যালেরো, ফ্রান্সের জাক আন্দ্রে কস্টিলেস, নেদারল্যান্ডের কে বিমস্টার বয়ার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি হুয়া দু, ইউএনডিপির প্রতিনিধি রেনাতা লক দেসালিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।