এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায় ৬ ফেব্র“য়ারি
আগামি ৬ ফেব্র“য়ারি এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা করা হবে।
সোমবার তুমুল উত্তেজনার মধ্যে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম মজিবর রহমান রায় দেওয়ার এ তারিখ ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান তার সওয়াল জবাবের (যুক্তিতর্কের) এক পর্যায়ে “রাষ্ট্রপতি হিসেবে এরশাদ জনগণের পক্ষে কাজ কারার শপথ নিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করেছেন” মন্তব্য করেন।
এরশাদের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের বক্তব্যকে রাজনৈতিক বক্তৃতা হিসেবে অভিহিত করে আদালত কক্ষেই ক্ষোভ জানান। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি মামলার এজাহার, অভিযোগপত্র, ১৬১ ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, আদালতে তুলে ধরেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯০ সালের ৯ জুলাই জিয়া বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার তোলা সোনাসহ চারজন যাত্রীকে আটক করে। এ ঘটনায় জার্মান নাগরিক বার্ন হার্ড রুডিসার, ইংল্যান্ডের নাগরিক ডেভিড এন্থনী চালসার, ঢাকার আন্তজার্তিক বিমানবন্দরের ম্যানেজার মেজর (অবঃ) আশরাফ উদ্দিন এবং নিরাপত্তা কর্মকর্তা আবু তাহেরকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়।
সম্পূরক অভিযোগপত্রে এ মামলায় এরশাদকে আসামি করে গোয়েন্দা পুলিশ। এরশাদ হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন করার পর এ মামলায় এরশাদের বিচার স্থগিত হয়ে যায়।
অন্য চার আসামিকে ১৯৯২ সালের ১৪ মে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করায় গত বছরের ১৩ আগস্ট থেকে ঢাকার ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়।
