ধানমণ্ডির মীনা বাজারের সামনের অংশ ভেঙ্গে দিয়েছে রাজউক
চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে পুলিশের সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মচারিরা রোববার বিকেলে ধানমণ্ডি সাত মসজিদ সড়কে অবস্থিত বহুতল ভবন মীনা বাজারের সামনের অংশ ভেঙ্গে দিয়েছে।
একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং বিপুলসংখ্যক পুলিশের সহায়তায় একাধিক বুলডোজার দিয়ে বহুতল ওই ভবনটির সামনের দিকের র্যালিং, সিঁড়ি ও কাঁচের দরজাগুলো সব ভেঙ্গে দেওয়া হয়।
ভেঙ্গে দেওয়ার সময় মীনা বাজার ছিল মালামাল শূণ্য। বাজার কর্তৃপক্ষ ভাঙ্গার বিষয়টি জানতে পেরে আগেই সব মালামাল অন্যত্র সরিয়ে ফেলতে সক্ষম হয়।
নূরুল ইসলাম নামে মীনাবাজারের এক কর্মচারি জানান, শনিবার তারা একটি নোটিস পায় এবং তারপর থেকে মালামাল সব সরিয়ে ফেলা হয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং রাজউকের প্রকৌশলী রহুল আমিন জানান, ভবনটির নকশায় ত্র“টি থাকায় এর নীচতলার সামনের অংশ ভেঙ্গে দেওয়া হয়। নকশা অনুযায়ী নীচ তলায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকার কথা থাকলেও সেই জায়গাতেই গড়ে তোলা হয় মীনা বাজার।
ধানমণ্ডি থানার এসআই আমজাদ হোসেন বলেন, অভিযানটি ছিল রাজউকের। পুলিশ উপস্থিত ছিল আইন--শৃংখলা নিয়ন্ত্রণের জন্য।
