২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

জেলার বিএনপি নেতা আবদুল কাদের মিলন (৪৫) যৌথবাহিনীর হাতে আটকাবস্থায় রোববার সকালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 03:11 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

নিহত মিলন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বায়েজিদ বোস্তামী থানার একজন সাবেক ওয়ার্ড কমিশনার।  সর্বশেষ তিনি বায়েজিদ বোস্তামী থানা বিএনপি কমিটির সহ--সভাপতির দায়িত্বে ছিলেন।

তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাবেক এ ওয়ার্ড কমিশনারের মৃত্যুর সংবাদ পেয়ে চমেক মর্গের সামনে এসে তার আত্মীয় স্বজন ও স্থানীয় বিএনপি কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে উপস্থিত শ’খানেক ব্যক্তি তার মৃত্যুর বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর দুপুরের দিকে মর্গের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চমেক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মমিনুর রহমান জানান, সকাল সোয়া নয়টায় বিএনপি নেতা মিলনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় সেনা সদস্য এবং বায়েজিদ বোস্তামী থানার পুলিশ উপস্থিত ছিল।

নিহত বিএনপি নেতার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে কর্তব্যরত ডাক্তার জানান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়।    

জানা যায়, সাবেক ওয়ার্ড কমিশনার মিলনকে শনিবার রাত ৮টার দিকে যৌথবাহিনীর একটি দল বায়েজিদ বোস্তামী এলাকা থেকে আটক করে। ওই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় তিনি মিলনের রেস্টুরেন্ট ক্যাফে ডি সুলতানের ক্যাশ কাউন্টারে উপস্থিত ছিলেন।

সেনা সূত্র জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছিল এবং পরে তিনি মারা যান।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মোস্তফা হারুন নফহবংি২৪.পড়স-- কে জানান, নিহত মিলনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। সকাল পর্যন্ত তিনি সেনা হেফাজতে ছিলেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, বিএনপি নেতা মিলনের বিরুদ্ধে থানায় কোনো মামলা কিংবা জিডি নেই।