চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক ১২
যৌথবাহিনী ছাত্রলীগের সীতাকুণ্ড উপজেলার সাবেক সাধারণ সম্পাদকসহ শনিবার সন্ধ্যার পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১২ জনকে আটক করেছে। এদের মধ্যে একজনের কাছ থেকে একটি দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাতে যৌথবাহিনীর সদস্যরা সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিনকে (৪০) আটক করে।
সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে কয়েকটি সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সূত্র জানায়।
অপর এক অভিযানে পটিয়া উপজেলার গোবিন্দখিল এলাকা থেকে পটিয়ার চিহ্নিত চোরাকারবারী আব্দুল আলিম ওরফে দাঁড়ি আলমকে (৫০) আটক করেছে যৌথবাহিনী।
এছাড়া, আনোয়ারায় আটক ডাকাত গোলাম মোস্তফার (২৪) কাছ থেকে একটি এলজি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
আটককৃত অন্যরা হলো-নগরীর পাঁচলাইশের ওয়াহিদুজ্জামান ওরফে পিন্টু (৩৫), নগরীর পাহাড়তলীর সামছুল হুদা ওরফে খোকন (২৮), আনোয়ারার বখতিয়ার (২৫) ও ফজলুল হক (৪৫), চন্দনাইশের ইমরান খান মোল্লা (৩০) ও মো. কামরুল হাসান (২০), রাঙ্গামাটির সুক্রিতি চাকমা, মাটিরাংগার আব্দুর রহিম (৩৫) ও মো. হানিফ হাওলাদার (৪৫)।
