সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় শনিবার বিকালে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
তার নাম মোহাম্মদ বাবুল। বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারা এলাকায়।
চমেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সীতাকুণ্ড থানা এলাকায় দুর্ঘটনার পর বাবুলকে হাসপাতালে আনার পর তিনি মারা যান।
নগরীতে একজনের অস্বাভাবিক মৃত্যু
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ নগরীর দলি পাহাড় এলাকা থেকে গলায় ফাঁস লাগানো এক রাজমিস্ত্রির লাশ শনিবার সকালে উদ্ধার করেছে।
নিহতের স্ত্রী হোসনে আরা মুন্নীর উদ্ধৃতি দিয়ে বায়েজিদ থানার পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রুহুল আমিন (৩৫) শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তারা এ মৃত্যুর পেছনে অন্য কারণ থাকতে পারে বলেও ধারণা করছেন।
বায়েজিদ থানার এসআই মো. আকতারুজ্জামান জানান, রুহুল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্নীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
