২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কারখানার সীমানা প্রাচীর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

টঙ্গী বিসিক শিল্প নগরীতে শনিবার ভোররাতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের সীমানা প্রাচীর ধসে মো. সিদ্দিক (৪৫) ও তার স্ত্রী জোহরার (৪০) মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দুর্ঘটনায় তাদের তিন ছেলেমেয়ে রওশন আরা (১৬), রোকসানা (১০) ও সজীব (৮) আহত হয়। গুরুতর আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ ও রোকসানাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কারখানার গোডাউন সংলগ্ন উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেষে নির্মিত সারিবদ্ধ টিনের খুপড়ির একটিতে সিদ্দিক স্বপরিবারে ভাড়া থাকতেন। রাত ৮টার দিকে ঠাসাঠাসি করে রাখা কারখানার মালামালের চাপে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশনা করার শর্তে এলাকার এক যুবক জানান, “কারখানার লোকজন জোর করে সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। স্থানীয় কমিশনার বাধা দেওয়ার পরেও গ্যাসের লাইন ভিতরে রেখে এ প্রাচীর নির্মাণ করা হয়।”

এ ব্যাপারে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্সের সহকারি ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-ইয়াসমিন ফাতেমা জানান, সুপারভাইজার রোকন শুক্রবার নিজ উদ্যোগে কারখানা ও সীমানা প্রাচীরের মাঝে তিন ফুট জায়গায় ইট, বালিসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ঠাসাঠাসি করে রাখে। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর বাধা অগ্রাহ্য করে প্রাচীর নির্মাণের কথা স্বীকার করে তিনি বলেন, বাকি নির্মাণ কাজ এখন বন্ধ আছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই কারখানার সুপারভাইজার পলাতক।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “নিহত সিদ্দিকের চাচাত ভাই মামুনুর রশীদ বাদী হয়ে টঙ্গী থানায় অপমৃত্যু মামলা (নং-২) দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”