২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় শনিবার দুপুরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শুক্রবার রাত ১টার দিকে কটিয়াদি উপজেলার বনগ্রামের নিজ বাড়ি থেকে ‘পোল্ট্রি’ ব্যবসায়ী রজত চন্দ্র রায়কে অস্ত্রের মুখে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা রজতকে একই উপজেলার মাইজহাটি গ্রামে আটকে রেখে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীরা অপহরণকারীদের আস্তানা ঘেরাও করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার সামছুল কবীরের নেতৃত্বে কটিয়াদি, হোসেনপুর ও পাকুন্দিয়া থানা পুলিশ ও পাকুন্দিয়ার সেনাক্যাম্পের ক্যাপ্টেন রুবাইয়াতের নেতৃত্বে সেনা সদস্যরা মাইজহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে হাত--পা বাঁধা রজত চন্দ্রকে উদ্ধার করা হয়।

অভিযানের সময় যৌথবাহিনী অপহরণকারীদের আস্তানা হিসেবে ব্যবহৃত কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দেয়। এছাড়া সেখান থেকে কিছু দেশীয় অস্ত্রসহ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কোরবান আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সামছুল কবীর জানান, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আরও অভিযান চলবে।

এ বিষয়ে কটিয়াদি থানার একটি মামলা দায়ের করা হয়েছে।