ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ লুটপাট অগ্নিসংযোগ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া শহরে শনিবার কান্দিপাড়ার মাইমল হাটি ও শিমরাইল কান্দির দুই দল লোকের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
এ সময় মাইমল হাটির তিনটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে মাইমল হাটিতে মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত সামির ও ফারুককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সামির জানান, মাইমল হাটির মাদক ব্যবসায়ী দাসুকে তার দীর্ঘদিনের মাদক আস্তানা গুটিয়ে নেওয়ার কথা বলা হলে সে লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে।
অন্যদিকে দাসুর পারিবারিক সুত্র জানায়, শিমরাইল কান্দির লোকজন কোন কারণ ছাড়াই তাদের ওপর হামলা করে ভাঙচুর, লুটপাট ও বাড়িতে অগ্নিসংযোগ করে।
সদর থানার ওসি শেখ মহিউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
