ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার বই সহ ৪ ব্যক্তি গ্রেপ্তার
ঠাকুরগাঁও--দিনাজপুর মহাসড়কের সত্যপীর ব্রীজ থেকে শুক্রবার মধ্যরাতে পুলিশ প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা পিকআপ ভ্যান ভর্তি নয়হাজার বইসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো চালক সিরাজুল ইসলাম, রায়হান ও মামুন। এছাড়া অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, আটককৃত ২৪ বস্তায় মোট প্রায় ৯ হাজার ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর পাঠ্য পুস্তক ছিল। বইগুলো প্রাথমিক স্কুলে বিনামূল্যে বিতরণের জন্য আনা ২০০৪ সালের বই।
জিজ্ঞাসাবাদে মামুন পুলিশের কাছে স্বীকার করেছে জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক বিপ্লব দাস ও তার বাবা নুরুল ইসলাম রংপুরের এক ব্যবসায়ীর কাছে বইগুলো বিক্রি করে। তার বাবা নুরুল হক ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষক ট্রেইনিং ইনস্টিটিউটের নৈশ প্রহরী বলেও সে জানায়।
পুলিশ বিপ্লব দাস ও নুরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী জানান, হিসাবরক্ষক বিপ্লব দাস বর্তমানে ছুটিতে রয়েছেন। তার পক্ষে ঘটনায় জড়িত থাকার কথা নয়। তবে বইগুলো কিভাবে বের হলো তা তিনি জানেন না।
তিনি আরো জানান, বইগুলো বাতিল বই হিসেবে স্টোর রুমে রক্ষিত ছিল।
