২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে তথাকথিত পীরের হামলায় রয়টার্সের ফটো সাংবাদিক আহত

রাজধানীর তুরাগে ১২ বছর বয়সী তথাকথিত আলৌকিক পীরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার সকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের টিভি ইউনিটের ফটো সাংবাদিক রফিকুর রহমান রেকু (৫০) ও তার সহকারি আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এসময় পীর সমর্থকরা তাদের কাছ থেকে একটি ডিজিটাল ও দুটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

আহত রফিকুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, খোরশেদ আলম নামে ১২ বছর বয়সী এক আলৌকিক পীরের সংবাদ সংগ্রহের জন্য শুক্রবার সকালে তিনি তার ইউনিট নিয়ে তুরাগ থানার বাদলদী গ্রামে যান। পীর খোরশেদ আলম একটি মোটর সাইকেলের পেছনে চড়ে রাস্তার পাশে দাঁড়ানো ভক্তদের পানির পাত্রে ফুঁ দেওয়ার সময় তিনি ভিডিও ক্যামেরায় তা ধারণ করা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে পীর তার সমর্থকদের সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এসময় ৫০/৬০ জন পীর সমর্থক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ক্যামেরা কেড়ে নেয় এবং পেটাতে পেটাতে পাশের ধানক্ষেতে ফেলে দেয় বলে তিনি জানান।

ছিনিয়ে নেওয়া ক্যামেরার মধ্যে রয়েছে একটি ক্যানন মার্ক--২ ডিজিটাল ক্যামেরা এবং একটি সনি ও একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা। ছিনিয়ে নেওয়া ক্যামেরার মোট মূল্য দশ লাখ টাকার ওপরে।

তুরাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই মোহাম্মদ ইউসুফ আলী জানান, হামলার খবর পাওয়ার পর এসআই লুৎফর রহমানের নেতৃত্বে সেখানে পুলিশের একটি মোবাইল টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন এবং সাধারণ সম্পাদক মীর আহম্মেদ মীরু এক বিবৃতিতে রফিকুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুট হওয়া ক্যামেরা উদ্ধারের দাবি জানিয়েছেন।

১২ বছরের তথাকথিত পীর খোরশেদ আলম গত দুই মাস ধরে তার ভক্তদের পানি পড়া দিয়ে যাচ্ছেন। এই পানিতে সব ধরনের দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাচ্ছে বলে তার অনুসারীরা দাবি করেছে। আর অলৌকিক এই পীরকে কেন্দ্র করে প্রতিদিন লাখ লাখ টাকার মোমবাতি ও পানির ব্যবসা গড়ে উঠেছে বলে এলাকাবাসী জানান।