২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে নিহত দাউদ ডাকাত নয়: গ্রামবাসীর দাবী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হরিনারায়ণপুর ইউনিয়নের কীর্তিনগর গ্রামে শুক্রবার ভোরে পুলিশের গুলিতে দাউদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দাউদকে গ্রামবাসী সাধারণ একজন কৃষক বলে দাবি করলেও পুলিশ বলছে তিনি ডাকাতদলের সদস্য ছিলেন।

গ্রামবাসীরা জানান, ভোর পাঁচটার দিকে ওই এলাকায় টহলরত একদল পুলিশ কয়েকজন লোককে দেখে ‘ডাকাত--ডাকাত’ বলে চিৎকার দিতে থাকে। চিৎকার শুনে এগিয়ে আসে কীর্তিনগর, মধুপুর ও লক্ষ্মীপুর গ্রামের কয়েক শ মানুষ। এসময় পুলিশ তিনজনকে আটক করে।

পরে পুলিশ আটককৃতদের নিয়ে থানায় দিকে রওনা দেয়। এসময় গ্রামবাসী আটককৃতদের সাধারণ কৃষক বলে দাবি জানালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে আজিজুল, ডাবলু, সানোয়ার ও জামিরুলসহ বেশ কয়েকজন আহত হয়। গ্রামবাসীও পুলিশের গাড়িতে হামলা চালায়।

এর কিছুক্ষণ পরেই কুষ্টিয়া -- ঝিনাইদহ মহাসড়কে পাশে দাউদের লাশ পরে থাকতে দেখা যায়।

আটককৃতদের মধ্যে দাউদের সাথে বড় আকৃতির একটি ছোরা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এসএম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, মহাসড়কে ডাকাতির সময় পুলিশ উপস্থিত হলে অন্ধকারে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ডাকাতদের লক্ষ করে গুলি চালালে দাউদ নামের ওই ডাকাত নিহত হয়।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি ডাকাতি মামলা দায়েল করা হয়েছে।