২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে দুই পরিবহন নেতা আটক

র্যাব সদস্যরা নগরীর মহাখালী বাস টার্মিনাল থেকে দুই পরিবহন নেতা ও তাদের এক সহযোগীকে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে আটক করেছে। বৃহস্পতিবার রাতে আটককৃতদের কাছ থেকে নগদ প্রায় ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ওই অভিযানের নেতৃত্বদানকারী র্যাব-- ২ এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে জানান, আটককৃতরা হচ্ছে -- মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হাসান খান পাভেল (৪৯), ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মাদ উল্লাহ (৪৮) এবং তাদের সহযোগী আওলাদ হোসেন (৪০)। 

তিনি বলেন, “মালিক -- শ্রমিক সংগঠনের ব্যানারে এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর অন্যতম ওই টার্মিনালে প্রায় প্রকাশ্যেই চাঁদাবাজি করে আসছিল। কিন্তু পরিবহন ধর্মঘটের হুমকির মুখে এতদিন  আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না। এ ছাড়া পুলিশের সঙ্গে তাদের নিয়মিত সখ্য ছিল।”

র্যাব কর্মকর্তা জানান, পরিবর্তিত পরিস্থিতির সুযোগে চাঁদাবাজির শিকার অন্যান্য পরিবহনের মালিক -- শ্রমিক নেতারা র্যাবকে এই অভিযান চালানোর জন্য সবুজ সঙ্কেত দিলে তারা ওঁৎ পেতে আটক করেন প্রথমে পরিবহন খাতের নেতা পাভেল ও মোহাম্মদ উল্লাহকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় তাদের আরেক সহযোগী আওলাদকে। আওলাদের কাছে থেকেই উদ্ধার করা হয় চাঁদাবাজির নগদ এক লাখ ৯১ হাজার ৬০০ টাকা।

র্যাব সূত্র জানায়, আটককৃত আওলাদ ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস সহকারি। এ ছাড়া সে পরিবহন খাতের কথিত শীর্ষ চাঁদাবাজ সাদেকুর রহমান, ওরফে হিরুরও অন্যতম সহযোগী। কথিত পরিবহন নেতা পাভেল ও মোহাম্মদ উল্লাহ মহাখালী টার্মিনাল এলাকায় হিরু, আওলাদসহ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে চাঁদাবাজির এক বিশাল চক্র গড়ে তুলেছিল। র্যাব এখন পুরো চক্রটিকেই ধরার চেষ্টা করছে।

বিকেল ৪টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃত ওই তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।