২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উদ্ধারকৃত বিস্ফোরক থানায় হস্তান্তর

সাভার পৌর এলাকা থেকে উদ্ধার করা বিস্ফোরক ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার মধ্যরাতে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ ব্যাপারে র্যাব-- ১১ এর এসআই ইব্রাহিম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাভার থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন এবং উদ্ধার করা মালামাল ও গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জেএমবি সদস্য আইয়ুবুর রহমান (২৭) কে থানায় হস্তান্তর করেন।

প্রসঙ্গত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মেজর আতিকুর রহমানের নেতৃত্বে বুধবার রাতে আইয়ুবুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০টি গ্রেনেডের বডি, আড়াই কেজি পাওয়ার জেল, ডেটোনেটর ৫’শ গ্রাম, সোডিয়াম সালফেট আড়াই কেজি, ওয়াটার জেল ৫ প্যাকেট, পটাশিয়াম সালফেট ৫’শ গ্রাম, পটাশিয়াম কার্বনেট ৫’শ গ্রাম, ক্লোরোফর্ম ২’শ গ্রাম, ওজন পরিমাপক যন্ত্র (নিক্তি) ১টি, কাচের বীকার ৩টি, কাচের ফানেল ২টি, ডাস মার্ক, ডিস্টিল্ড ওয়াটার ১ লিটার, হ্যান্ড গ্লে¬াভস ৫ জোড়া, বুনসেন বার্নার, সার্কিট বোর্ড ২টি, ইসলামিক সিডি ১টি, কোরআনের সিডি ১টি, জেএমবি’র জেহাদী বই, ঢাকা সিটি ম্যাপ ১টি, লিফলেট ও পোশাক।

এ বিষয়ে র্যাব-- ১১ এর ডিএডি এনামুল রহমান জানান, আইয়ুবুর রহমানকে নারায়ণগঞ্জের পাগলা থেকে গ্রেপ্তারের পর  তার স্বীকারোক্তি অনুযায়ী সাভার থেকে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাই তাকে সাভারে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ওই বাড়ির মালিক আয়নাল হকের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আইয়ুবুর রহমান নামে কাউকে আমরা চিনি না এবং কখনও দেখিনি। তাছাড়া তৃতীয় তলার ওই রুমটি আমরা মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ রুকনকে ভাড়া দিয়েছি দেড় মাস আগে। 

মামলাটির তদন্ত ভার দেওয়া হয়েছে সাভার থানার এসআই নাছিম উদ্দিনকে।