২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাক উল্টে এক ডাকাত নিহত, আহত ৪ পুলিশ

বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার ভোরে যশোরের হামিদপুরে ট্রাক উল্টে এক ডাকাত ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 10:08 AM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ সময় ট্রাকটিকে ধাওয়াকারী পুলিশের পেট্রোল কার উল্টে তাতে আগুন ধরে গেলে চার পুলিশ সদস্য ঝলসে যায়। হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ আহত তিন ডাকাতকে পাকড়াও করেছে।

যশোর কোতয়ালি থানার ওসি কাদের বেগ জানান, শুক্রবার ভোররাতে ডাকাত দল নড়াইলের কোনো এক স্থান থেকে ট্রাকে ভরে ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল। যশোর-- নড়াইল সড়কে টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। হামিদপুরে এসে ট্রাকটি উল্টে গেলে ডাকাত মান্নান ঘটনাস্থলে মারা যায়।

এ সময় ট্রাকটি ধাওয়াকারী পুলিশের পেট্টোল কারটিও উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। আহত হন হাবিলদার তৌহিদ, কনস্টেবল কাশেম, বারেক ও রেজাউল। তাদের প্রথমে যশোর সিএমএইচে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে পুলিশ আহত অবস্থায় শফিকুল, হাফিজুর ও তবিবর নামে তিন ডাকাতকে আটক করে। তাদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার মোবারকপুর, জানুয়ার ও মাছনা গ্রামে।