টঙ্গীতে সিগারেট কারখানায় আগুন
টঙ্গীর মরকুন এলাকায় বৃহস্পতিবার বিকেলে আকিজ শিল্প গোষ্ঠীর ‘ঢাকা টোব্যাকো কোম্পানি’র গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে গুদামের তৃতীয় ও চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে।
সন্ধ্যে ৭টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।
জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে স্টিলের কাঠামোর তৈরি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন সেখানে রাখা তৈরি-সিগারেট ও কাঁচামালে (তামাক) ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে।
কিন্তু পাশে ঘনবসতি থাকায় এবং পানির ব্যবস্থা না থাকায় অগ্নি নির্বাপক দলকে আগুন নেভাতে বেগ পেতে হয়।
আগুন ভয়াবহ রূপ নিলে ঢাকা টোব্যাকো কোম্পানির উত্তর ও পূর্ব পাশ ঘেষা বাড়িগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সব বাড়ির লোকজন ঘরের মালামাল বের করে মাঠে নিয়ে রাখে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে তৃতীয় ও চতুর্থ তলার সব মালামাল পুড়ে গেছে।
