সাভারে বিপুল বিস্কোরক উদ্ধার
র্যাব সদস্যরা বৃহস্পতিবার সাভারের একটি বাড়ি থেকে বোমা ও গ্রেনেড তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ বিস্কোরক দ্রব্য আটক করেছে।
বুধবার রাতে সন্দেহভাজন জেএমবি জঙ্গি আইয়ুবুর রহমানকে গ্রেপ্তারের সূত্র ধরে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাবের সদরদপ্তর থেকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইয়ুবুর রহমান (২৭) কে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব-- ১১ এর সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার জনৈক আয়নাল হকের বাড়ি থেকে ১০টি গ্রেনেড বডি, পাওয়ার জেল, সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড, পটাশিয়াম কার্বনেট, ক্লোরোফর্ম, কাঁচের বিকার, ফানেল, নিক্তি, নাকের মাস্ক (মুখোশ), গ্লবস (হাতমোজা), বার্নার (চুলা), জেহাদী সিডি, বই, লিফলেট ও বিভিন্ন ধরনের পোশাক আটক করে।
আয়নাল হকের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, সাইফুল্লাহ রুকন নামের এক ছাত্র দেড় মাস আগে তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেয় লেখাপড়া করার জন্য। কিন্তু তার বাড়ি কোথায় তা তিনি জানাতে পারেননি। তার কক্ষ থেকে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।
সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ঘটনার জানান, উদ্ধার করা মালামাল এখনও থানায় জমা দেওয়া হয়নি। জেএমবির সদস্যরা বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
