২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাঁচাতে পাইলট অ্যাসোসিয়েশনের পাঁচ দফা প্রস্তাবনা

বাংলাদেশ বিমানের চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং গোষ্ঠী স্বার্থে প্রণীত উচ্চাভিলাষী পরিকল্পনা রোধ করতে পাঁচ দফা প্রস্তাবনা দিয়ে ৩১ আগস্টের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে বুধবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এসব প্রস্তাব পেশ করা হয়। পাঁচ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে, চট্টগ্রাম বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডালিং থাই এয়ারওয়েজের কাছে হস্তান্তর প্রতিহত করা, রাজনৈতিক স্বার্থে পরিচালিত সুপরিসর উড়োজাহাজ দিয়ে চট্টগ্রাম ও সিলেট রুটে বিমান চলাচল বন্ধ করে বিকল্প ব্যবস্থা নেয়া, বরিশাল, সৈয়দপুর ও রাজশাহীতে অলাভজনক অভ্যন্তরীন ফ্লাইট প্রত্যাহার, বিকল সিডি-১০ বিমানগুলো সচল করে নিজস্ব ব্যবস্থাপনায় আসন্ন হজ্ব মৌসুমে হজ্ব ফ্লাইট পরিচালনা এবং অতিরিক্ত হজ্বযাত্রী পরিবহনের জন্য ন্যূনতম হারে উড়োজাহাজ লিজ গ্রহণ।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমানের সঠিক স্বার্থের কথা বিবেচনা না করে ব্যক্তি কিংবা গোষ্ঠীর লাভের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্রতিহত করতে সর্বাত্মক আন্দোলনের প্রস্ততি নিচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার্স এন্ড নেভিগেটস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নসহ প্রতিষ্ঠানের সফল স্তরের কর্মচারিবৃন্দ।