সরকারের শেষ সময়ে দাবি আদায়ে সোচ্চার সচিবালয় কর্মকর্তা - কর্মচারিরা
১০ শতাংশ ভাতা, গ্যাস ও ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতসহ চার দফা দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদ শিগগিরই আন্দোলনে নামছে। সংশ্লিষ্ট দায়ীত্বশীল সূত্র জানায়, পরিষদভুক্ত ছয়টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সংগঠন এ সপ্তাহেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।
সূত্র মতে, পরিষদের এ কর্মসূচি তৃতীয় শ্রেণীর পদমর্যাদার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও প্লেইন পেপার কপিয়ার পদের মান চতুর্থ শ্রেণীতে অবনমনের সিদ্ধান্তের প্রতিবাদে সম্ভাব্য আন্দোলনে নতুন মাত্রা দিতে পারে।
জানা যায়, সংযুক্ত পরিষদের অধীনে সংগঠন সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা সমিতি, সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা সমিতি, সচিবালয় হিসাবরক্ষন সমিতি, সচিবালয় কর্মকর্তা কর্মচারি সমিতি, সাঁটমূদ্রাক্ষরিক সমিতি ও চতুর্থ শ্রেণীর কর্মচারি সমিতির কর্মকর্তারা চার দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ রাখছে। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে এ ব্যাপারে আশ্বাস দেওয়া হলেও কার্যতঃ কোনো ফল হয়নি।
পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনের সাথে সামঞ্জস্য রেখে ১০ শতাংশ সচিবালয় ভাতা, গ্যাস ও ২০০ ইউনিট ফ্রি বিদ্যুত প্রদান, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা পরিবর্তন ও স্থায়ী পে -- কমিশন গঠন।
সংযুক্ত পরিষদের মহাসচিব আব্দুল খালেক বিডিনিউজকে জানান, সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারিদের এসব দাবি অবিলম্বে মেনে না নিলে পরিষদ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।
তিনি জানান, এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও, কলম বিরতি, অবস্থান ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ -- ইত্যাদি কর্মসূচি নেওয়া হতে পারে।
তিনি আরো জানান, এ সপ্তাহেই পরিষদ নেতারা ছয়টি মূল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করবে। এতে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘিœত হওয়ার আশঙ্কা থাকলেও এছাড়া তাদের অন্য কোনো উপায় নেই।
