ইইডি’র ৭২৫ কোটি টাকার নির্মাণ কাজ বাস্তবায়নে অনিশ্চয়তা
৩৮ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত ২৩১ জন কর্মকর্তা ও কর্মচারির আন্দোলনের মুখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ৭২৫ কোটি টাকার নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।
এ প্রকল্পের অধীনে চলতি অর্থবছরে সরকারের নেওয়া পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন তৈরির কথা রয়েছে।
অধিদপ্তরের আটটি প্রকল্পের ৩৮ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত এসব কর্মী দীর্ঘদিন ধরে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আন্দোলন করছেন।
ইইডি সূত্র জানায়, সরকার চলতি অর্থবছর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইইডি’র মাধ্যমে ৫০০ কলেজ, ৫০০ মাদ্রাসা ও চার হাজার স্কুলের একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু করার কথা।
প্রতিটি কলেজের জন্য ৩৫ লাখ এবং স্কুল ও মাদ্রাসার জন্য ২৫ লাখ টাকা হিসেবে এজন্য মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৭২৫ কোটি টাকা। বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ইইডি (সাবেক ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট) কর্মীরা এসব নির্মাণ কাজের তদারকি করবেন।
সূত্র জানায়, বর্তমানে ইইডি’র মোট এক হাজার ২১৮ জন জনবলের মধ্যে রাজস্ব খাতের কর্মীর সংখ্যা এক হাজার ৩৯ জন। অবশিষ্ট পদগুলো শূণ্য রয়েছে।
একই সাথে ১৯৮৪ সাল থেকে ১৯৯৭ সালের আগে শুরু হওয়া ইইডি’র আটটি প্রকল্পের মোট ৬৯৯ জনের মধ্যে ২০০৩ সালে ৪৬৮ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। বাকী ২৩১ জনের ব্যাপারে সচিব কমিটির নির্দেশনা না থাকায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফলে ২৩১ জন কর্মী ২০০৩ সালের মে মাস থেকে ৩৮ মাস ধরে বেতন - ভাতা পাচ্ছে না। এদের মধ্যে ইইডির বিভিন্ন জেলায় কর্মরত ২৫ জন সহকারি প্রকৌশলী (øাতক) এবং উপজেলা পর্যায়ের ১০০ জন উপ - সহকারি প্রকৌশলীও (ডিপ্লোমা) রয়েছেন।
অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আব্দুল কাদের শিক্ষা সচিবের কাছে পাঠানো এক চিঠিতে আন্দোলন অব্যাহত থাকলে চলতি বছরে সরকারের গৃহিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে এসব কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তর করার সুপারিশ করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারি সমিতির নেতা জাফর আলী সিকদার বিডিনিউজকে জানান, ২০০৫ সালে জারি করা একটি এসআরও’তে ১৯৯৭ সালের আগে বিভিন্ন প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের ১৩ মার্চ শিক্ষা সচিব সিদ্ধান্তটি কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য চিঠি দেন।
কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় সিদ্ধান্তটি অকার্যকর থেকে যায়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশও উপেক্ষিত হয় বলে তিনি জানান।
এদিকে দীর্ঘদিন বেতন-ভাতা বঞ্চিত এই কর্মীদের তিনটি সংগঠন তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন। ইতোমধ্যে তারা প্রতিদিনই দু’ঘন্টার কর্মবিরতি পালন করছে। আগামী ৭ আগস্টের মধ্যে তাদের দাবি মানা না হলেও ৮ আগস্ট থেকে তারা অধিদপ্তরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল কালাম আজাদ জানান, দাবি মানা না হলে ৮ আগস্ট সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে প্রধান প্রকৌশলীর কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে তালা বন্ধ এবং কর্মবিরতির মতো কর্মসূচি নেওয়া হবে।
