২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনিতে প্রেমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে প্রেমিক জুয়েল (২০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার মহারাজপুর ফিল্ডের হাটে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে প্রেমিক জুয়েল ফিল্ডের হাটের একটি বাসায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। টের পেয়ে মেয়ের পরিবারের লোকজন তাকে ধরে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ওই বাসার দোতলায় মহারাজপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এক পর্যায়ে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত জুয়েল মহারাজপুর হাজি পাড়ার আবু তালেবের ছেলে।

নিহতের ভাই নাসিম জানান, ওই মেয়েটির সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবার তা নাকচ করে দেয়। এ নিয়ে এলাকায় একটি সালিশও হয় প্রায় ১৫/১৬ মাসে আগে। তারপর জুয়েল দীর্ঘদিন ঢাকায় থাকার পর ঘটনার তিনদিন আগে বাড়ি ফিরে।

এ ঘটনায় নিহতের বড় ভাই নাসিম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মেয়ের পরিবার পলাতক রয়েছে।