সচিবালয়ে প্রবেশ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সচিবালয়ের বিভিন্ন পয়েন্টে এবং প্রবেশপথে প্রায় দুইশটি সিসিটিভি, আন্ডারগ্রাউন্ড ভিডিও ক্যামেরা, স্ক্যানিং মেশিনসহ অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার অনুষ্ঠিত ‘সচিবালয়ের নিরাপত্তা’ শীর্ষক বৈঠকে এ তথ্য জানানো হয়।
সরকারের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে পাস বা অ্যাক্রেডিটেশন কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সরফ রাজ হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিরাপত্তা সেলের একটি জনবল কাঠামো গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের পরিবহনের জন্য আলাদা টিকেট এবং পাস দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে। সচিবালয়ের দর্শনার্থীদের অনলাইন পাস প্রদানের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, উন্নত দেশগুলোতে সচিবালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই সচিবালয়কে আমরা সর্বোচ্চ নিরাপদ স্থান করে তোলার কথা বিবেচনা করছি।
তিনি জানান, নিরাপত্তা সংক্রান্ত ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং বাকি ২০ শতাংশ কাজ আগামী ২০ আগস্টের মধ্যে শেষ করা হবে।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং আটটি সাব-কন্ট্রোল রুমে মোট ১৮৯ টি সিসিটিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়া বেশকিছু স্ক্যানিং মেশিন এবং অন্যান্য অত্যাধুনিক সরঞ্জামও ইতোমধ্যে সচিবালয়ে স্থাপন করা হয়েছে।
