বরিশালে ডাকাতিকালে বাধা দেওযায় ২ জন গুলিবিদ্ধ
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের রায়পুরা গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দু’ জন গুলিবিদ্ধ হয়েছে।
আহতরা হচ্ছে--গৃহকর্তা সন্তোষ মিস্ত্রি (৭০) এবং তার ছেলে সঞ্চয় মিস্ত্রি (৪৫)।
আহত সন্তোষ মিস্ত্রি বিডিনিউজকে জানান, আট থেকে ১০ জনের একটি ডাকাত দল তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন তাদেরকে বাধা দেয়।
এসময় ডাকাতরা আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। তাদের ছোঁড়া গুলিতে বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার ভোরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
