বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাসে অর্থনীতিবিদরা উদ্বিগ্ন
দেশের নেতৃস্থানীয় অর্থনীতিবিদরা ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ায় শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অর্থনীতিবিদ আতিউর রহমান বিডিনিউজকে বলেন, বেসরকারি খাতের ঋণ চাহিদা পূরণ এখন জরুরি হয়ে পড়েছে। অন্তত রপ্তানিমুখী শিল্পগুলোকে ঋণ প্রদান নিশ্চিত করতে সরকারকে কৌশল নির্ণয় করতে হবে।
তিনি বলেন, সরকারের জন্যে এটি হবে একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিস্থিতি সামাল দিতে সরকারেরই এখন ঋণ প্রয়োজন।
তিনি বলেন, উন্নয়ন খাতের জন্যে বরাদ্দকৃত অর্থ উৎপাদনশীল বেসরকারি খাতে কাজে লাগানো হলে তা তুলনামূলক ভালো ফল বয়ে আনবে।
২০০৪--০৫ অর্থবছরের জুলাই--ফেব্রুয়ারি সময়ে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ১৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে চলতি অর্থবছরের একই সময়ে তা ১০ দশমিক ৫৭ শতাংশে নেমে এসেছে।
জ্বালানি তেল আমদানিতে অর্থায়ন করতে সরকারের ঋণ গ্রহণকেই ব্যাংকিং খাতের তারল্য সংকটের জন্যে দায়ী করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে সরকারি ঋণ গ্রহণের ক্ষেত্রে আরো ৩০ শতাংশ প্রবৃদ্ধি হবে।
অধ্যাপক ওয়াহিদ উদ্দিন বলেন, ২০০৫ সালের জানুয়ারিতে টেক্সটাইল ও পোশাক খাতের কোটা পদ্ধতি প্রত্যাহার করে নেয়া সত্ত্বেও দেশের রপ্তানিকারকরা ও উদ্যোক্তারা বেশ ভালো করছে।
তিনি বলেন, বেসরকারি খাতকে প্রয়োজনীয় ঋণ প্রদান নিশ্চিত করার পথে কোনো বাধা আসলে তা পোশাক শিল্পের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
তিনি বলেন, উন্নয়ন বাজেট কর্তন করে বেসরকারি খাতকে ঋণ দিতে সরকারকে সুযোগ সৃষ্টি করতে হবে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, সাম্প্রতিক সময়ে শিল্প প্রতিষ্ঠানে ঋণের প্রবাহ কমে গেছে। এটি এ খাতের জন্যে ভালো লক্ষণ নয়।
তিনি বলেন, নিটওয়্যার রপ্তানি ৩১ শতাংশ বেড়েছে। সামর্থ্যরে অভাবে রপ্তানিকারকরা অনেক ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ক্রেতাদের চাহিদা পূরণে ও প্রবৃদ্ধির বর্তমান প্রবণতা বজায় রাখতে আমাদের আরো বিনিয়োগ করা প্রয়োজন।
অর্থনীতিবিদ সাজ্জাদ জহির বলেন, বর্তমানে অর্থনীতির যে ধারা আমরা প্রত্যক্ষ করছি সেজন্যে শুধু সরকারের অদক্ষ নীতিই নয়, বিভিন্ন বাহ্যিক কারণও দায়ী।
তিনি বলেন, সরকার একা এ সংকটের সমাধান করতে পারবে না। রাজনৈতিক দলগুলো ও উন্নয়ন অংশীদারদের সম্পৃক্ত করে এর সমাধান প্রয়োজন।
