২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউইয়র্ক ফ্লাইট আবার পুরনো রুটে ফিরে যাচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইয়র্ক ফ্লাইট আবার পুরনো রুটে ফিরে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিমান সূত্র জানায়, ২৯ এপ্রিল  থেকে বিমানের নিউইয়র্ক ফ্লাইট ঢাকা -- দুবাই -- ব্রাসেলস -- নিউইয়র্ক রুটে যাত্রা করবে। বিমানের এই ফ্লাইটটি ম্যানচেস্টার হয়ে নিউইয়র্কে অবতরণের বিষয়ে আমেরিকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) আপত্তি করায় বিমান কর্তৃপক্ষ আবার পুরোনো রুটে ফিরে যাচ্ছে। আপাতত ৬ জুন পর্যন্ত বিমানের এ সিদ্ধান্ত বহাল থাকছে। তবে বিমান ব্রাসেলস থেকে কোনো যাত্রী বা কার্গো পরিবহন করবে না।

জানা যায়, অন্যদিকে বিমানের লন্ডন ফ্লাইট একই সময় থেকে ঢাকা -- দুবাই -- লন্ডন -- ম্যানচেস্টার রুটে চলাচল করবে।

লাভের আশায় বিমান গত ৮ এপ্রিল থেকে নিউইয়র্ক ফ্লাইটের রুট পরিবর্তন করে ম্যানচেস্টার হয়ে যাত্রা শুরু করে। কিন্তু এ ক্ষেত্রে তারা এফএএ’র অনুমতি না নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়। বিমানের প্রতি নিউইয়র্ক ফ্লাইটে প্রায় ৭০ লাখ টাকা লোকসান হয়।

বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে সাংবাদিকদের বলেছেন, ম্যানচেস্টার হয়ে নিউইয়র্ক ফ্লাইট চলাচলের অনুমতি না পাওয়া গেলে তারা ফ্লাইটটি একেবারে বন্ধ করে দিতে পারেন।

এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুব বিডিনিউজকে বলেন,  লোকসান এড়াতে বিমান আপাতত ওই ফ্লাইটটি স্থগিত রাখতে পারে। কিন্তু এটি একেবারে বন্ধ করে দিলে ভবিষ্যতে বিমান ওই রুটে আবার ফ্লাইট চালানোর অনুমতি না--ও  পেতে পারে।

বিমানের নিউইয়র্ক ফ্লাইট বর্তমানে সপ্তাহে একদিন (শনিবার) যাত্রা করে। এর আগে এটি সপ্তাহে তিনদিন যাত্রা করতো।