২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোন জঙ্গি হামলার ভয় নেই, তবে কড়া নজরদারি চলবে

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার বলেছেন, জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ’র পক্ষ থেকে হামলার আর কোন ভয় না থাকলেও সরকার যে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে তা অব্যহত রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তিনি বলেন, “আমরা আর কোন হামলার ভয় করিনা, আমরা তাদের সকলকে ধরতে সক্ষম হয়েছি। তবে সকল গুরুত্বপূর্ন এলাকায় কড়া নজরদারী রাখতে আইন রক্ষাকারী বাহিনী  ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সদা সতর্ক থাকতে বলা হয়েছে।”

মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা দেশের জঙ্গিবাদের মুলোৎপাটন না করা পর্যন্ত আমরা তদের যেকোনও উদ্যোগ নস্যাৎ করে দিতে নজরদারি অব্যহত রাখবো।”

তিনি ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ নির্বিঘেœ উৎযাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে জঙ্গি তৎপরতার সাথে সরকারের কোন ব্যক্তির যোগসাজস থাকার সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা আপনাদের (প্রচার মাধ্যমগুলো) কল্পনাপ্রসূত ধারনা ছাড়া আর কিছুই না।

জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান এবং সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে টাস্ক ফোর্স ইন্টালিজেন্স’র জিজ্ঞাসাবাদের ফলাফল প্রসংগে জানতে চাওয়া হলে বাবর বলেন, নতুন করে প্রকাশের কোন কিছু নেই।

সভার সূত্র জানায়, ১৭ আগস্ট সারা দেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অন্যান্য বোমা হামলা ঘটনায় সারা দেশের বিভিন্ন থানা এবং আদালতে অন্ততপক্ষে ২২৯ টি মামলা হয়েছে।

এই সকল মামলা গুলোর মধ্যে অন্ততপক্ষে ১২৫টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত সন্দেহে ৬৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের বিরুদ্ধে ৫২ মামলা, বাংলা ভাইয়ের বিরুদ্ধে ৪৮টি মামলা এবং আতাউর রহমান সানির বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

সভায় জানানো হয় আদালত এ পর্যন্ত ঝালকাঠী, ঝিনাইদহ, পিরোজপুর, সিলেট এবং কিশোরগঞ্জের অন্ততপক্ষে পাঁচটি মামলার রায় ঘোষণা করেছেন।

সভা সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সারা দেশের ডাকাতি, গাড়ি চুরি এবং ছিনতাইয়ের বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। 

সভায় মন্ত্রী এই ধরণের দুর্ঘটনা প্রতিরোধকল্পে ডিএমপি,র অতিরিক্ত কমিশনারের তত্ত্বাবধায়নে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন।

যেসব এলাকায় ডাকাতি, গাড়ি চুরি অথবা ছিনাতাইয়ের ঘটনা ঘটবে সেসব এলাকায় সংশ্লিষ্ট র‌্যাব ও পুলিশ সদস্যকে দায়িত্ব নিতে হবে। 

এছাড়াও সভায় ট্রাফিক ব্যাবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনের লক্ষ্যে ডিএমপি কমিশনারের নেতৃত্বে অন্য একটি কমিটি গঠন করা হয়।

রাজধানীতে বৃহস্পতিবার থেকে খাদ্য এবং অন্যান্য ভেজাল প্রতিরোধে ১২টি মোবাইল কোর্ট চালু করার বিষয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।