২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে স্বামী - স্ত্রীকে জবাই করে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোমবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা স্বামী - স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা না গেলেও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার গ্রামে নৃশংস এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হল-ওই গ্রামের রুপ নারায়ণ বর্মণের ছেলে তরনী কান্ত বর্মন (৩২) এবং তার স্ত্রী অঞ্জনা রানী (২৫)।

পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ নাজমুল আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের পিতা রুপ নারায়ণ বর্মন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন কে বা কারা ঘর থেকে স্বামী - স্ত্রী দু’জনকেই বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে চোখে কাপড় বেধে জবাই করে হত্যা করে। রাত আনুমানিক সোয়া ১টার দিকে তাদের শিশুপুত্র রিপন (৩) বিছানায় মা বাবাকে না পেয়ে কান্না করে এবং অন্য ঘরে অবস্থানরত দাদিমাকে ডেকে আনে। পরে পরিবার ও গ্রামের লোকজন খোঁজাখুজি করে বাঁশঝাড়ে তাদের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।