আফগানিস্তানে বাংলাদেশী প্রকৌশলী নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে সোমবার রাতে জঙ্গিদের হাতে এক বাংলাদেশী প্রকৌশলী নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক তথ্যে নিহত প্রকৌশলীর নাম মীর ওয়াইফ বলে জানা গেছে।
প্রদেশের ডেপুটি গর্ভনর হাজী মহিউদ্দিন চীনা সংবাদ সংস্থা জিনহুয়াকে জানান, স্থানীয় একটি মসজিদে নামাজরত অবস্থায় জঙ্গিরা তাকে গুলি করে হত্যা করে।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত বাংলাদেশী প্রকৌশলী স্থানীয় একটি এজেন্সির অধীনে সেখানকার সড়ক নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতাচ্যুত তালেবান সদস্যদের হাতে উল্লেখযোগ্য সংখ্যক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গত বছর নভেম্বরে নিমরুজ প্রদেশে একজন ভারতীয় প্রকৌশলী তার গাড়ি চালক ও দুই জন দেহরক্ষীসহ অপহৃত হন। অপহরণের দুই দিন পর গুলিবিদ্ধ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
