২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে টুয়েজডে গ্রুপের আবেদন সরকারের নাকচ

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের জন্য পশ্চিমা কূটনৈতিকদের অনানুষ্ঠানিক সংগঠন ‘টুয়েজডে গ্রুপ’র আবেদন রোববার সরকার নাকচ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

গ্রুপের সভাপতি ঢাকায় নিযুক্ত কানাডীয় হাই কমিশনার ডেভিড স্প্রাউল এবং নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে সাক্ষাৎ করে সম্মেলন আয়োজনের অনুমতি প্রার্থনা করলে তা নাকচ করা হয়।

বৈঠক শেষে রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, এতে হিতে বিপরীত হতে পারে। একটি গণতান্ত্রিক সরকার এমন প্রস্তাব সমর্থন করতে পারে না।

তিনি বলেন, আমি তাদেরকে বলেছি যে এটা হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এভং সার্ববৌমত্বের ওপর আঘাত। আমরা যদি তাদের দেশে এ ধরণের একটি সম্মেলন আয়োজন করতে চাই তাহলে কি তারা অনুমতি দিবে?

সূত্র জানায়, পশ্চিমা কূটনৈতিকদের অনানুষ্ঠানিক প্লাটফর্ম ‘টুয়েজডে গ্রুপ’ বাংলাদেশে অবাধ ও ষুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথমে নির্বাচনী সফলতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা সম্মেলনে সম্ভাব্য তারিখ পরিবর্তন করে তা আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের কথা জানায়।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়ে টুয়েজডে গ্রুপ গঠিত। এছাড়াও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরও এ গ্রুপে রয়েছেন।

দেশে ও দেশের বাইরের মানুষের কাছে যাতে নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতার উদ্দেশ্যে টুয়েজডে গ্রুপ একটি নকশা তৈরি করেছিল। কিন্তু এ কাজ করতে গিয়ে তারা সরকারের বিরাগভাজন হয়েছে।

সম্মেলন আয়োজন নিয়ে সরকার ও বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনৈতিকদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য কূটনৈতিকদের কঠোর সমালোচনা করেন।

এর আগে টুয়েজডে গ্রুপ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, কূটনৈতিকদের অবশ্যই কূটনৈতিকের মতো আচরণ করতে হবে।

এর আগে টুয়েসডে গ্রুপের পক্ষে কানাডার হাই কমিশনার বলেছিলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা তাদের নেই। নির্বাচন কমিশন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে তারা নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী।

সরকারের সরাসরি বিরোধীতা সত্ত্বেও চলতি মাসের ১৪ তারিখে টুয়েজডে গ্রুপ নির্বাচনী সফলতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ব্যাপারে বড় ধরনের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। গ্রুপের চেয়ারম্যান কানাডীয় হাই কমিশনার ডেভিড স্প্রাউল এবং নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইমের এ ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সরকারের টানা বিরোধীতার মুখে শেষ পর্যন্ত তারা সংবাদ সম্মেলনের বাতিল করে।

এর আগে মার্কিন সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এবং আরও বেশ কয়েকজন কূটনীতিক আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে অবহিত করেন।

রোববার নরওয়ে ও কানাডার রাষ্ট্রদূতরা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাকে সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে বোঝাতে চেষ্টা করেন এবং তাদের কারিগরি সহায়তার কথা উল্লেখ করেন।

রিয়াজ রহমান বলেন, বাংলাদেশ গত ১৫ বছরে তিনটি অত্যন্ত সফল নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে। যা দেশে ও বিদেশে সমাদৃত হয়। কিন্তু কূটনীতিকরা যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য একটি সম্মেলনের আয়োজন করেন তাহলে তা আমাদের দীর্ঘ দিনের অর্জনকে মলিন করে দিবে এবং এটি হবে আগে-ভাগে রায় দেয়ার মতো ব্যাপার।

রিয়াজ রহমান আরও বলেন, যতজন সম্ভব নির্বাচন পর্যবেক্ষক আসবেন আমরা সকলকেই স্বাগত জানাব এবং অবধারিতভাবে একটি সূষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করব।

ইতোপূর্বে কূটনৈতিক ও দাতারা পাকিস্তানে একই রকমের একটি সম্মেলনের আয়োজন করে। এ প্রসঙ্গে রিয়াজ রহমান বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের গণতন্ত্র এক নয় এবং দুটোর মধ্যে তুলনাও করা যায় না। কারণ বাংলাদেশে রয়েেেছ তত্ত্ববধায়ক সরকারের মতো একটি অতূলনীয় ব্যবস্থা।

এ ব্যাপারে নরওয়ের রাষ্টদূত অদ লিজে নরহেইমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও রকম মন্তব্য করতে রাজি হননি। কিন্তু কূটনৈতিক সূত্র বিডিনিউজকে জানায়, কূটনৈতিকরা শিগগির এ ব্যাপারে বৈঠকে বসবে।