২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ডিজেল উপচে পড়ার ঘটনা তদন্তে ৪টি কমিটি গঠিত

ইস্টার্ন রিফাইনারি থেকে যমুনা অয়েলে সরবরাহ নেয়ার সময় ডিজেল উপচে পড়ার ঘটনায় চারটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিটিগুলোকে শিগগির কারণ অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনায় বিপুল পরিমাণ ডিজেল গড়িয়ে যমুনা অয়েলের টার্মিনাল, সংলগ্ন গুপ্ত খাল এবং কর্ণফুলী নদীতে গিয়ে পড়েছে। এতে তিন থেকে চার কোটি টাকা মূল্যের প্রায় দুই হাজার টন ডিজেল নষ্ট হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)এর জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) মোহাম্মদ আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, বিপিসির ডিজিএম (মার্কেটিং) এসএম কামরুল হাসান, ইস্টার্ন রিফাইনারির জিএম (প¬ানিং) আসিফ মালিক এবং যমুনার ম্যানেজার নাজমুল হক।

অন্যদিকে, ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শাসসুদ্দোহাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া যমুনা অয়েল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) ফেরদৌস করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিপিএ হার্বার মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে প্রধান করে তিন সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ইস্টার্ন রিফাইনারি এবং যমুনার অয়েলের স্থাপনা পরিদর্শন করেছেন।

ডিজেল উপচে পড়ার কারণে কর্ণফুলী নদী ও সংলগ্ন গুপ্ত খাল এবং বঙ্গোপসাগরে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পরিবেশ আদালতে কোনও মামলা হয়নি।