দীর্ঘদিন ধরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ৪০ শিক্ষকের পদ শূন্য
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেডের ৪০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক শূন্যতার কারণে ছাত্র-ছাত্রীরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বিষয়ে শিক্ষক কম থাকায় সাধারণ শিক্ষকদের দিয়ে টেকনিক্যাল সেশনের তাত্ত্বিক বিষয়গুলো পড়ানো হয়। এতে ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট ট্রেডের ব্যবহারিক পড়াশোনায় সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে ইনস্টিটিউটের অধ্যক্ষ আজাহারুল ইসলাম বিডিনিউজকে জানান, ১৪০ জন শিক্ষকের পদের মধ্যে বর্তমানে মাত্র ১০০ জন শিক্ষক রয়েছে। এ শিক্ষক স্বল্পতার কারণে কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি আরও জানান, ১৯৮৫ সাল থেকে ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষক শূন্যতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সেসময় শিক্ষকের শূন্য পদ ছিল ৫০টি। ২০০৪ সালে ৫০টি শূন্য পদের বিপরীতে মাত্র ১০ জন শিক্ষক নিয়োগ করা হয়। বর্তমানে ৪০ জন শিক্ষকের পদ শূন্য।
তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার শিক্ষক চেয়ে চিঠি দিয়েও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
অধ্যক্ষ জানান, ইনস্টিটিউটে বর্তমানে ১২টি ট্রেড চালু রয়েছে। নতুন কয়েকটি ট্রেড চালুর প্রক্রিয়া চলছে। শুধুমাত্র শিক্ষক স্বল্পতার কারণে এসব ট্রেড চালু করা সম্ভব হচ্ছে না।
