বরিশালের কারিকর বিড়ি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ার সাধুরবটতলা সংলগ্ন কারিকর বিড়ি ফ্যাক্টরিতে শুক্রবার সকাল ছয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বরিশাল ফায়ার স্টেশনের কর্মকর্তারা বিডিনিউজকে জানিয়েছেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার স্টেশন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার স্টেশন সূত্র জানায়, ফ্যাক্টরিতে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই পুরো ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু‘ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নির্বাপনে ঝালকাঠির ফায়ার স্টেশনের কর্মীরাও সহযোগিতা করে।
সিটি মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ফ্যাক্টরির কর্মকর্তারা দাবি করেছে।
