বসবাস অনুপযোগি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস, ছাত্র-ছাত্রীরা ৬ মাস থাকে বাইরে
বসবাস অনুপযোগি হওয়ায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলোতে ধারন ক্ষমতার কম ছাত্র-ছাত্রী বসবাস করছে।
বর্ষা-বৃষ্টির কারনে অধিকাংশ ছাত্র-ছাত্রী বছরের ছয় মাস ছাত্রাবাসে থাকে এবং বাকী ছয় মাসই তাদের থাকতে হয় বাইরে।
কর্তৃৃপক্ষ সূত্রমতে, ছাত্রাবাসগুলোর ধারন ক্ষমতা ৬০০ জন। কিন্তু সেখানে বসবাস করছে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী। ছাত্রাবাস ভবনগুলো অধিক পুরাতন ও ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ায় ছাত্র-ছাত্রীরা সেখানে থেকে পড়ালেখা করতে ঝুঁকি বোধ করে।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীরা জানায়, ছাত্রাবাস সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তদরের প্রধান প্রকৌশলী বরাবর একাধিকবার লিখিতভাবে আবেদন জানানো হলেও এ যাবৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগি ছাত্র-ছাত্রীরা জানায়, ড. কাজী মোতাহার হোসেন, লতিফ ও জহির রায়হান ছাত্রাবাসের ছাঁদ দিয়ে পানি পড়ে, দরজা জালানা ভাঙ্গা এবং ভবনগুলোও ব্যবহারের অনুপযোগী।
শিক্ষার্থীদের অভিযোগ, জরুরি ভিত্তিতে ছাত্রবাসগুলোর সংস্কার না করা হলে তিনটি ছাত্রাবাস অচিরেই বন্ধ করে দিতে হবে। এর ফলে দুর্ভোগে পড়বে ছাত্র-ছাত্রীরা।
এ ব্যাপারে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আজাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, ছাত্রাবাস সংস্কার না করায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বর্ষার কারনে ছাত্র-ছাত্রীদের অনেক সময় ছাত্রাবাসের বাইরেও থাকতে হচ্ছে।
তিনি জানান, ছাত্রাবাসগুলো সংস্কারের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। কিন্তু তাদেরকে বারবার তাগিদ দেওয়া হলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি।
