কালিদাস বড়ালের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম
পাঁচ বছরেও বাগেরহাটের অ্যাড. কালিদাস বড়াল হত্যা মামলা নিস্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাগেরহাটের কমিউনিটি নেতৃবৃন্দ।
কালিদাস বড়ালের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শনিবার বাগেরহাট হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত স্মরণসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।
জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কালিদাস বড়ালের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের বাড়িতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নিহতের স্ত্রী হ্যাপী বড়াল ও দুই মেয়ে উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার সকালে শহরের সাধনা মোড়ে কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি ডা. অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মোহন কুমার হালদার, সাধারণ সম্পাদক জয়দেব দাস, সাংগঠনিক সম্পাদক প্রদীপ বসু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মীর শওকাত আলী বাদশা, সিপিবি শহর শাখার সভাপতি মানিক লাল মজুমদার প্রমূখ।
২০০০ সালের এই দিনে তৎকালীন জেলা পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কালিদাস বড়ালকে সন্ত্রাসীরা বাগেরহাট শহরের সাধনা মোড়ে গুলি করে হত্যা করে।
জেলা জজ আদালতে বিচারাধীন অবস্থায় চাঞ্চল্যকর মামলা হিসাবে গত বছর মামলাটি বিচারের জন্য খুলনায় বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানে নির্ধারিত সময়ের মধ্যে নিস্পত্তি না হওয়ায় সম্প্রতি মামলাটি আবার বাগেরহাট জজ আদালতে ফেরত আসে।
