নির্বাচন না হলে দেশে আবার স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে: এরশাদ
সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবার স্বৈরতন্ত্র আবার ফিরে আসতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আকস্মিক সাক্ষাতের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদানের সময় তিনি এ কথা বলেন।
বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করলে তার দল নির্বাচনে যাবে কি না এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, নির্বাচন বর্জন করলে তো আমার দল টিকিয়ে রাখা কঠিন হবে।
এরশাদ একটি নতুন ভোটার তালিকা প্রণয়নের চেয়ে পুরনো ভোটার তালিকা হাল নাগাদ করার পক্ষে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, নির্বাচনী আইনের আমূল পরিবর্তন ছাড়া নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্রের প্রভাব রোধ করা যাবে না।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সম্পর্কে তিনি বলেন, মনে হয় তাকে নিয়োগ করে সরকার কোনও ভুল করেনি। তার চেয়ে ভালো আর কোথায় পাওয়া যেতে পারতো?
জাতীয় পার্টি সূত্রে জানা যায়, আগামী ২৭ জুলাই ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনের সাথে সংলাপের নির্ধারিত কর্মসূচিতে এরশাদ নিজে নাও যেতে পারেন। তার বদলে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
